আমাদের কথা ফুরিয়েছে, কেটে গ্যাছে মুগ্ধতা বেড়ে চলার সময়।
বলা শেষ পুরাতন মানুষের গল্প! প্রতারণার ফাঁদ! নির্ঘুম রাতের সাথে যুদ্ধ শেষে বেঁচে থাকা দীর্ঘশ্বাসের আত্মকাহিনী!
আমাদের এখন আর চোখের দিকে তাকালেই ধুপ করে বুকের ভেতর আলো নিভে যায়না!
আমাদের বেড়ে গ্যাছে বিরক্তি!
স্পর্শ হয়ে গ্যাছে স্বাভাবিক! কেটে গ্যাছে ফ্যান্টাসীর জাল!
আমি যেহেতু তোমার প্রথম প্রেম নই, তাই চাইলেই বলে দিতে পারো হারিয়েছে মোহ!
আমার আগেও যেহেতু অন্যকেউ বুকে ঢুকেছিলো সুবাস নিয়ে, তাই মিলাতেই পারো কন্ঠস্বর! স্পর্শ! প্রতিশ্রুতি!
অবলিলায় বলে দিতে পারো, তুমি ঠিক ওর মতন না!
মেপে নিতে পারো যত্নকে সময়ের দাড়িপাল্লায়!
আমাদের কথা ফুরাচ্ছে! হারিয়ে যাচ্ছে মুহূর্ত! বেড়ে চলেছে স্মৃতির স্তুপ!
পাশাপাশি বসে থেকেও তীব্র হয়ে উঠছে দূরত্ব! আমাদের সব কেমন অস্থির থেকে স্থির হয়ে যাচ্ছে!
অনেক সময় পেরিয়ে গ্যালে বুঝি, পাখি ঘর ছেড়ে উড়ে যেতে চায়?
অনেক পথ পেরুলে বুঝি, পথিক বিশ্রাম নিতে চায়?
অনেকটা প্রেমের যুদ্ধ শেষে বোধয় যোদ্ধা হাঁপিয়ে উঠতে উঠতে মুক্তি খোঁজে? স্বাধীনতা চায়?
তবে তুমি চাইতেই পারো উড়ে যাওয়ার স্বাধীনতা! নিতেই পারো মুক্তির ঘ্রাণ! ছাড়তেই পারো হাত! কোমল আঙুল! বুকের মন্দির!
আমি যেহেতু তোমার প্রথম প্রেম নই, ছুটে চলে যাওয়ার অধিকার থেকে ফেরানোর স্পর্ধা তো আমার নেই!
যে পাখি প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়না, সে উড়ে যেতে চায় লোকালয়ে!
ঘর ছেড়ে নতুন ঘরে উড়ে যাওয়ার ইচ্ছেদের শেকল পরাতে নেই।
আমি যেহেতু তোমার প্রথম প্রেম নই, তাই ইচ্ছে হলেই ডানা ঝাপটাতে পারো মহাকাশে!
উড়ে যাও! মুগ্ধতাহীনতায় অনিচ্ছার শেকল পায়ে জড়িয়ে আটকে থাকতে নেই!

Comments

Popular posts from this blog